ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

খালেদা জিয়ার বিদেশ যাওয়া প্রসঙ্গে সিদ্ধান্ত আজ নয়

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতি দেয়া বা না দেয়ার বিষয়ে আজ কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। বৃহস্পতিবার (৬ মে) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।বেগম জিয়াকে বিদেশে নিতে তার ছোটো ভাই শামীম এসকান্দারের করা আবেদনপত্রটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে যাওয়ার পর আইন সচিব গোলাম সারোয়ার এ তথ্য জানান।তিনি বলেন, খালেদার জিয়ার বিদেশ যাত্রার আবেদনে তিনি কোন দেশে যাবেন সেটি সুনির্দিষ্ট করে উল্লেখ করা নেই। এই মুহূর্তে আবেদনটি আইনমন্ত্রী আনিসুল হকের বিবেচনাধীন রয়েছে।


এর আগে বুধবার রাতে খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। রাত সাড়ে ৮টায় স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় আবেদনটি নিয়ে যান তিনি।পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আবেদনপত্রটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী এসব ব্যাপারে অত্যন্ত উদার। আমরা পজিটিভলি এই ব্যাপার দেখবো। কালকের মধ্যে আইন মন্ত্রণালয়ে এটি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।


প্রসঙ্গত, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে বিএনপি। এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারণের পাশাপাশি গুছিয়ে আনা হয়েছে পারিবারিক অন্যান্য প্রস্তুতিও। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসার জন্য নিয়োজিত চিকিৎসকেরা দফায় দফায় তার শারীরিক পরীক্ষা ও মানসিক অবস্থা নিরীক্ষা করছেন। তবে যেহেতু তিনি শর্ত সাপেক্ষে মুক্তিতে আছেন, এ কারণে সরকার অনুমতি দিলেই কেবল বিদেশে রওনা করতে পারবেন।

ads
ads
ads

Our Facebook Page

↑